চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে শনিবার রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোটভাই। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন রাফসান। ইফতেখার রাফসান লিখেছেন, ‘বেড়ে ওঠার সময় থেকেই সালমান ভাইয়াকে আমি সব সময়ই অনুসরণ করেছি।
একজন ভক্ত হিসেবে তাঁর প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে তাঁকে দেখেছি। এরপর তাঁকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে, জীবনে অনেক কিছু অর্জন করতে দেখেছি। পরে বাস্তব জীবনেও তাঁকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।’সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাফসান আরও লিখেছেন, ‘এটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে।
আপনি আপনার শ্রম, ঘাম আর ভালোবাসা থেকে স্টুডিওটি গড়ে তুলেছেন, এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন।’সালমানকে সাহস জোগাতে রাফসান লিখেছেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না।
সূত্র: প্রথম আলো