বাংলাদেশে বন্যপ্রাণী নিয়ে যাঁরা কাজ করেন, প্রকৃতপক্ষে প্রকল্পকেন্দ্রিক চিন্তাভাবনা বা স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলার বাইরে প্রকৃতির কথা বলা মানুষের সংখ্যা হাতে গোনা। আজীবন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাওয়া এমন মানুষ খুবই কম। হয়তো প্রকৃতি তার রাজ্যকে পরম মমতায় আগলে রাখার জন্য মানবজাতির মধ্য থেকেই কিছু মানুষকে আপন মনে সুরক্ষাকবচ হিসেবে তৈরি করে নেয়।
কালের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাংলার বন্যপ্রাণীর সুরক্ষায় গত ছয় দশক ধরে এমনই এক সুরক্ষাকবচ ছিলেন অধ্যাপক নূরজাহান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক নূরজাহান সরকার ছিলেন দেশের প্রথম নারী বন্যপ্রাণী গবেষক ও শিক্ষক। মায়ের মমতায় তিনি আজীবন যুদ্ধ করেছেন বন্যপ্রাণীর সুরক্ষায়, যা ছিল তাঁর জীবনের ব্রত।
কখনো কোনো মেগা প্রকল্পে যুক্ত হয়ে বা তোষামোদ করে প্রকৃতির বিরুদ্ধাচরণ করেননি; বরং তাঁর কণ্ঠে সর্বদা ছিল বন্যপ্রাণী সুরক্ষার জোরালো আওয়াজ।
সূত্র: প্রথম আলো