কওমি ধারার সাতটি ইসলামি দলের প্রস্তাবিত রাজনৈতিক ঐক্যের রূপরেখা নিয়ে আলোচনায় অগ্রগতি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে মতৈক্য হয়নি। সাতদলীয় ঐক্যের আহ্বায়ক ও সদস্যসচিব কে হবেন, কমিটির মেয়াদ শেষে কীভাবে নেতৃত্ব বদল হবে, কোনো দল অন্য রাজনৈতিক জোটে থাকলে বা ভবিষ্যতে নতুন জোটে যেতে চাইলে কী হবে—এসব বিষয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো। এর ফলে সাত দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি।
তবে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে এই লিয়াজোঁ কমিটির আহ্বায়ক করা হয়েছে। বাকিদের মধ্যে কমিটিতে সাত দলের প্রতিটি থেকে তিনজন করে নেতা এবং হেফাজতের আরও দুজন নেতা থাকবেন। সাত দলকে দুই দিনের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম হেফাজতের মহাসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।
আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের রূপরেখা কমিটির চূড়ান্ত করার কথা রয়েছে।সাত দলের এই ঐক্য প্রক্রিয়ায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান আজ রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রত্যেকে নিজেদের মতামত দিয়েছেন।
সূত্র: প্রথম আলো