ফাস্টফুডের বাজারে নেতৃত্ব ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিপুল বিনিয়োগ করছে ম্যাকডোনাল্ডস। ২০৩৬ সাল পর্যন্ত ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে মার্কিন এই ফাস্টফুড চেইন। ম্যাকডোনাল্ডস জানিয়েছে, রেস্তোরাঁ সংস্কার; ২০ লাখ কর্মীকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া এবং বেশি প্রোটিন খেতে আগ্রহী গ্রাহকদের আকৃষ্ট করতে মেনুতে নতুন খাবার যোগ করায় এই অর্থ খরচ করা হবে।
আগামী সাড়ে তিন বছরে প্রায় পাঁচ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার ব্যয় করা হবে। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে মূলধনি সহায়তা দেওয়ার পাশাপাশি ভাড়া কমানোর ব্যবস্থাও থাকবে। ম্যাকডোনাল্ডসের এই কৌশলের নাম ‘নেক্সট’। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস কেম্পচিনস্কি বলেন, এর লক্ষ্য হলো আরও বেশি গ্রাহকের কাছে প্রথম পছন্দের রেস্তোরাঁ হয়ে ওঠা, যেখানে মানুষ আরও ঘন ঘন যাবে।
সেই সঙ্গে রেস্তোরাঁগুলোর পরিচালন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা।
সূত্র: প্রথম আলো