দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের যাত্রীবাহী সব বগি রেখে ইঞ্জিন (লোকোমোটিভ) একাই প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। এতে লালমনিরহাট-পাটগ্রাম বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো থেমে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আজ রোববার সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীগামী লোকাল ট্রেনটি তুষভান্ডার রেলস্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়।
ট্রেনের চালক (লোকোমোটিভ মাস্টার) বগি বিচ্ছিন্নের বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় এক কিলোমিটার পথ সামনে চলে যান।এ সময় মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো থেমে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সূত্র: প্রথম আলো