প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে আজ রোববারের কর্মসূচি শেষ করেছেন। আগামীকাল সোমবার আবারও কর্মসূচি পালন করবেন তাঁরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আজ বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে দুই শতাধিক প্রার্থী অংশ নিয়েছিলেন।
এরই মধ্যে বেলা দেড়টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করেছেন। কিন্তু প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কারও সাক্ষাৎ পাননি। পরে তাঁরা বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগে আন্দোলনস্থলে ফিরে আসেন।এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা।
পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যান তাঁরা।
সূত্র: প্রথম আলো