বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন এবং বাংলাদেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক। এই লক্ষ্যের অংশ হিসেবে ভিওন নিজেদের পক্ষ থেকে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ডিজিটাল খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ সম্মেলন আয়োজন করে ভিওন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সূত্র: প্রথম আলো