দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দুদকের আইনজীবী তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে এ আবেদন করেন।আবেদনে বলা হয়, ছলিম উদ্দীন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।দুদকের আবেদনে আরও বলা হয়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তথ্য পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো