চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। আজ রোববার রাত ১১টার দিকে নগরের সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়।
এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়। অন্ধকার থাকায় পরিষ্কার করে কিছু দেখা যায়নি।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো