ভোরের আলো ফুটতে না ফুটতেই ডানা মেলে উড়তে শুরু করে শামুকখোলের দল। কেউ যায় খাবারের খোঁজে, কেউ আবার ফিরে আসে বাসায়। দিঘির পাড়ের গাছের ডালে ডালে তাদের আনাগোনা। কখনো কিচিরমিচির, কখনো ডানা ঝাপটানোর শব্দে মুখর হয়ে ওঠে গ্রাম।সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে চলনবিলের এই গ্রামের নাম উলিপুর। স্থানীয়দের মতে, কয়েক শ বছরের পুরোনো প্রায় ১০০ বিঘা আয়তনের একটি দিঘিকে ঘিরে গড়ে উঠেছে গ্রামটি।
দিঘিটি ‘উলিপুর দিঘি’ নামে পরিচিত। দিঘিপাড়ের প্রাচীন বটগাছসহ অন্যান্য গাছে বাসা বেঁধেছে শত শত শামুকখোল। এ ছাড়া পানকৌড়ি ও ছোট কিছু পাখিও চোখে পড়ে। স্থানীয়দের কাছে উলিপুর ‘পাখিদের গ্রাম’।গত বুধবার বিকেলে ওই গ্রামে গিয়ে দেখা যায়, দিঘির পাড়ের গাছগুলোয় শামুকখোলের ব্যস্ততা। কোনোটি গাছের কচি পাতায় ঠোকর দিচ্ছে, কোনোটি ডালে বসে ছানাদের আগলে রাখছে। আবার কোনোটি এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাচ্ছে।
গাছের নিচে দাঁড়ালে মাথার ওপর দিয়ে উড়ে যায় একের পর এক পাখি।গাছের ডালে বসে আছে কয়েকটি শামুকখোল।
সূত্র: প্রথম আলো