৫০তম বিসিএসে সরকারি কলেজের শিক্ষা ক্যাডারের শূন্য পদগুলো যুক্ত করা এবং নন-ক্যাডার পদসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে আগের বিসিএসে সুপারিশ পাওয়া প্রার্থীদের আবার নিম্ন ক্যাডারে সুপারিশ বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা। প্রার্থীরা জানান, আগের বিসিএসগুলোয় বিপুলসংখ্যক পদ শূন্য থেকে গেছে। ফলে একদিকে সরকারি প্রতিষ্ঠানে জনবলসংকট তৈরি হচ্ছে।
অন্যদিকে যোগ্য প্রার্থীরাও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে শিক্ষা ক্যাডারে সরকারি কলেজের জন্য মাত্র ১৩৯টি পদ রয়েছে। অথচ ৪৭তম বিসিএসে সরকারি কলেজে এই ক্যাডারে মোট পদ ছিল ৯২৯টি। এর মধ্যে ৭১৩টি পদই ফাঁকা থেকে যায়। এটি মোট পদের প্রায় পৌনে ৭৭ শতাংশ। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, রসায়ন, গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় সবচেয়ে বেশি পদ খালি রয়েছে।
প্রার্থীরা বলছেন, এই শূন্য পদগুলো ৫০তম বিসিএসে যুক্ত না করলে সরকারি কলেজের শিক্ষকসংকট থেকেই যাবে।নন-ক্যাডার পদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা।
সূত্র: প্রথম আলো