টেইলর সুইফটের জন্য ২০২৬ সালটা যেন একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছে। ট্রাভিস কেলসিকে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই এবার সংগীতজগতের আরেকটি বড় রেকর্ড নিজের করে নিলেন এই মার্কিন পপ তারকা। বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন তিনি। পুরস্কারের সংখ্যায় ছাড়িয়ে গেছেন বিয়ন্সেকে।
এখন ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী টেইলর সুইফট।এর আগে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি পুরস্কার নিয়ে শীর্ষে ছিলেন টেইলর। এবার নতুন একটি সম্মান পাওয়ার মধ্য দিয়ে বিয়ন্সেকে ছাড়িয়ে যান তিনি। ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের ভিডিওর জন্য প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পেয়েছেন টেইলর।
গান গাওয়ার পাশাপাশি দৃশ্যনির্ভর গল্প বলায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার।এবারের আয়োজনে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছেন টেইলর।
সূত্র: প্রথম আলো