মাছ ধরার ট্রলারে জেলে-মাঝিসহ মোট ১৪ জন ছিলেন। ট্রলারটি সাগরে অবস্থান করেছিল এক সপ্তাহ। এতে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। গত মঙ্গলবার ঘাটে ফিরে আসা এই ট্রলার থেকে মাছ বিক্রি হয়েছে মাত্র ৭০ হাজার টাকার। ট্রলারের মালিক বরগুনার পাথরঘাটার বাসিন্দা আবদুর রহমান। তাঁর সঙ্গে ২৩ সেপ্টেম্বর কথা হয় পাথরঘাটার বিএফডিসি (বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন) মৎস্যবন্দরে। তিনি প্রথম আলোকে বলেন, ‘লোকসান গুনতে গুনতে আমরা প্রায় শ্যাষ।
এহন আবার সরকার তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াইছে। মোগো মনে হয়, আর বাঁচনের কায়দা নাই।’আবদুর রহমানের মতো আরও পাঁচজন ট্রলারমালিকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলছেন, এখন সাগরে ইলিশ ধরার ভরা মৌসুম চলছে। তবে ইলিশ ধরা পড়ছে কম, আকাল চলছে। তার ওপর ট্রলার চলানোর জন্য ডিজেলের বাড়তি খরচ গুনতে হচ্ছে। সব মিলিয়ে খরচ মিটিয়ে লাভের মুখ দেখা কঠিন।
তাঁরা এখন ভয়াবহ চাপে আছেন।বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগে মোট ৪ লাখ ২২ হাজার ২৭৫ জন নিবন্ধিত জেলে আছেন।
সূত্র: প্রথম আলো