মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হয়তো এ মুহূর্তে ট্রাম্প মনে করছেন, তেহরানের শর্ত মেনে নেওয়ার চেয়ে অপেক্ষা করলেই যুক্তরাষ্ট্র বেশি সুবিধা পাবে।গত শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি।
ইরান চুক্তি করতে চাইছে; কারণ, তারা ভীষণভাবে হেরে যাচ্ছে।’তবে ইরানের চুক্তি প্রত্যাখ্যান করলেও তিনি নিজেও একটি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, আর আমি মনে করি, সেটা ভালো। আমিও একটি চুক্তি করতে চাই। কিন্তু এই চুক্তি গ্রহণযোগ্য হবে না।’পরদিন রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া তাঁরা দেখেছেন।
যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব তারা পায়নি।ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
সূত্র: প্রথম আলো