কোমরের কাছে প্যান্টের ভেতর গুঁজে রাখা ছিল একটি বিদেশি পিস্তল। সেই অস্ত্র নিয়েই কুমিল্লা নগরের গোবিন্দপুর এলাকায় ঘুরছিলেন ছামির ইসলাম (২০)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।ছামির ইসলামের বিরুদ্ধে কিশোর গ্যাং-সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মনজুরুল ইসলাম (৩০) নামের আরেকজনকে আটক করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।এর আগে গতকাল রোববার দুপুরে কুমিল্লা নগরের গোবিন্দপুর এলাকায় অভিযান চালায় এসআরবি। এসআরবি সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে তাদের কাছে খবর আসে এক তরুণ কোমরে বিদেশি পিস্তল নিয়ে গোবিন্দপুর এলাকায় ঘোরাঘুরি করছেন।
একপর্যায়ে একটি চায়ের দোকানে ছামির ইসলামকে দেখতে পান এসআরবির সদস্যরা।
সূত্র: প্রথম আলো