জার্মান ভাষার সিরিজ ‘আনফ্যামিলিয়ার’ চলতি বছরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তির পর খুব দ্রুতই আন্তর্জাতিক দর্শকের নজর কাড়ে। গুপ্তচরবৃত্তির গল্প হলেও এর কেন্দ্রে নেই শুধু আন্তর্জাতিক ষড়যন্ত্র; বরং গল্পের বড় শক্তি এক দম্পতির সম্পর্ক, তাঁদের লুকানো অতীত এবং সেই অতীতের মূল্য দিতে গিয়ে ভেঙে পড়তে থাকা পারিবারিক জীবনে। ছয় পর্বের সিরিজটি প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের অ-ইংরেজি সিরিজের তালিকায় শীর্ষে উঠে আসে।
পরে এর দর্শকসংখ্যা আরও বাড়ে। নেটফ্লিক্সের প্রথমার্ধের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সিরিজটি দেখা হয়েছে ৩ কোটি ১৬ লাখ বার। সাবেক দুই গুপ্তচরের শান্ত জীবনে অশান্তি সাইমন ও মেরেট শ্যাফার, দুজনই একসময় জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডির এজেন্ট ছিলেন। এখন তাঁরা বার্লিনে পরিচয় গোপন করে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র চালান। পাশাপাশি পরিবার নিয়ে মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করছেন।
তাঁদের কিশোরী মেয়ে নিনাকে ঘিরেই সংসার।শুরুতেই বোঝা যায়, এই স্বাভাবিক জীবনের আড়ালে রয়েছে অনেক গোপন তথ্য।
সূত্র: প্রথম আলো