রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পুলিশের অনুমতি নিয়েই সেখানে প্রতিনিধি সভা চলছিল এবং আসামিরা নির্দোষ। তবে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিরা অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিলেন এবং জামিন পেলে মামলার তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।
গত শনিবার সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ ২৭৮ জনকে আটক করার পর তাঁদের মধ্য থেকে এই ২৭ জনকে গ্রেপ্তার দেখায়। জাসদ নেতাদের দাবি, ডিএমপির অনুমতি নিয়ে সারা দেশের নেতা-কর্মীদের নিয়ে সভা চলাকালে হামলার ঘটনা ঘটে এবং পরবর্তীতে পুলিশ এসে তাঁদের নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো