চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ঘুষের টাকাসহ গ্রেপ্তার পাহাড়তলী সাবরেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশ। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এদিকে পাহাড়তলীর সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয় একই আদালতে।
আদালত আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখেছেন।২২ সেপ্টেম্বর এক আইনজীবীর দেওয়া অভিযোগ পেয়ে পাহাড়তলী সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালায় দুদক। আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়। পরে ওই আইনজীবী দুদকের ‘হটলাইন ১০৬’ নম্বরে অভিযোগ করেন।
এ সময় ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: প্রথম আলো