রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের গুদারাঘাট থেকে এ দুজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিন্টু (৩৫) ও মো. মিলন (৪০)।
এ নিয়ে ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হলো।তদন্ত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই দিন রাতে ভাঙচুরে অংশ নিয়েছিলেন। ভাঙচুর শেষে তাঁরা মালামাল লুট করে নিয়ে যান। দুজনের মধ্যে মিন্টুর কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্রের টিনসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আর মিলনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্টিলের দরজা।
এসব মালামাল জব্দ করা হয়েছে।এর আগে ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০) নামের চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানার পুলিশ।
সূত্র: প্রথম আলো