ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল রানা (১৯) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।আজ সোমবার ভোরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বন্দুকসহ পাঁচটি গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।নিহত জুয়েল রানা (১৯) নরসিংদীর রায়পুরা উপজেলার গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি পক্ষের দাবি তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ফারুক মিয়া ও সোহেল মিয়া। ককটেল বিস্ফোরণে আহত হন শাহ পরান, খোকন মিয়া ও ফজর আলী।
এ ছাড়া বকুল মিয়া, আশরাফুল ইসলাম, হাবি মিয়া, সুমন মিয়া, আলমগীর হোসেন ও স্বাধীন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন।
সূত্র: প্রথম আলো