ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুলকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন। তিনি রাকিবুলকে আবার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া ৪ মিনিট ২৯ সেকেন্ডের অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাঁকে আবার তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন।
সূত্র: প্রথম আলো