গত বছর বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছিল আটটি। জয় এসেছিল দুটি; ভারত ও ভুটানের বিপক্ষে। বাকি ছয় ম্যাচের চারটিই ড্র, হার দুটি। ফল খুব একটা উজ্জ্বল না হলেও ওই ম্যাচগুলোতে অন্তত লড়াইয়ের ছাপ ছিল। গোল হজম করেছে বাংলাদেশ, আবার গোল শোধ করে ম্যাচে ফিরেছেও। অর্থাৎ হারলেও প্রতিপক্ষের গোলমুখে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা ছিল।এ বছরের ছবিটা যেন তার পুরো উল্টো। মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ।
দুটিতেই হার, হজম করেছে চার গোল; বিপরীতে করতে পারেনি একটি গোলও। জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২–১ গোলের জয় অবশ্য কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচ আবারও পুরোনো সমস্যাই সামনে নিয়ে এসেছে। গোলমুখে গেলেই যেন এলোমেলো বাংলাদেশ!আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও একই চিত্র দেখা গেছে। আজ সিঙ্গাপুরের বিপক্ষেও তার ব্যতিক্রম কিছু দেখা যায়নি।
বাংলাদেশ আক্রমণে উঠেছে, বল নিয়ে প্রতিপক্ষের অর্ধে গেছে, কর্নারও আদায় করেছে; কিন্তু গোলের সামনে গিয়ে সেই আক্রমণ লক্ষ্য খুঁজে পায়নি।ম্যাচ পরিসংখ্যানেও বাংলাদেশের সমস্যাটা পরিষ্কারভাবে ফুঠে উঠেছে।
সূত্র: প্রথম আলো