বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা ছাড়া অন্য মুদ্রায় লেনদেনের সুবিধা থাকলেই আন্তর্জাতিক কার্ড হিসেবে ব্যবহার করা যায়। আজ সোমবার এ–সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
যেখানে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে।সংশোধিত নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। এর আগে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই এ সুবিধা প্রযোজ্য ছিল।
নতুন নির্দেশনায় বিদেশি এয়ারলাইনস তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও এই সুবিধা প্রযোজ্য হবে।বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো