কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের (২৫) উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ সম্মেলন করেছেন মহসিন। তাঁর দাবি, রতনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই। বড় পরিসরের ওই মিছিলে হাজারো মানুষের ভিড়ে রতন কীভাবে তাঁর পেছনে এসে দাঁড়িয়েছেন, তা তিনি জানতেন না।
আজ সোমবার বিকেলে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মহসিন। গত বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ওই বিক্ষোভ মিছিল হয়। মিছিলের অগ্রভাগে মহসিনকে এবং তাঁর ঠিক পেছনে রতনকে দেখা যায়—এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।বিষয়টি নিয়ে গত শনিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে “কিশোর গ্যাং লিডার” রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সূত্র: প্রথম আলো