ফেনীতে একটি আবাসিক হোটেলের টয়লেটে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছিল ‘খাঁটি মধু’। দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে তৈরি করা ‘খাঁটি মধু’ বাজারজাত করত একটি চক্র। টানা ৮ বছর ধরে এমন কাজ চললেও জানেন না হোটেল মালিক। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে এমন ভেজাল মধু তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে ফেনী শহরের বড় মসজিদ রোডের ‘হোটেল ট্যুরিস্ট আবাসিক’–এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মহসিন (৪৫), মেহেদী হাসান (৪০), মোহাম্মদ রাসেল (৩৮) ও জসিম উদ্দিন (৪০)।
তাঁদের সবার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল ট্যুরিস্ট আবাসিকের ছয়তলার একটি কক্ষের টয়লেটে দীর্ঘদিন ধরে গ্যাসের চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু তৈরির কাজ চলছিল একটি চক্র।
সূত্র: প্রথম আলো