একজন পড়ে অষ্টম শ্রেণিতে, দুজন ষষ্ঠ শ্রেণিতে—তিন বন্ধু। তারা দক্ষিণ কোরিয়ার সংগীতদল বিটিএসের ভক্ত। আছে টিকটক দেখার নেশা। টিকটক দেখেই ইচ্ছা জাগে অন্য দেশে চলে যাওয়ার। এরপর স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয় তিনজন। প্রথমে পরিকল্পনা ছিল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার। কিন্তু পথে বাদ সাধে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী। পরে ওই নারীর বুদ্ধিতেই উদ্ধার হয় তিন কিশোরী।ওই তিন কিশোরীর বাড়ি পাবনা জেলা সদরের একটি গ্রামে।
গতকাল রোববার নিখোঁজ হয় তারা। কুড়িগ্রাম থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বিটিএস দক্ষিণ কোরিয়ার সাত সদস্যের জনপ্রিয় গানের দল। ২০১৩ সালে আত্মপ্রকাশের পর অল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে তারা, পরিণত হয় বিশ্বের আলোচিত ব্যান্ডগুলোর একটিতে।
বাংলাদেশসহ সারা বিশ্বে এই ব্যান্ডের অসংখ্য দর্শক-শ্রোতা রয়েছেন, যাঁরা ‘বিটিএস আর্মি’ নামে পরিচিত।উদ্ধার কিশোরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন কিশোরীই টিকটকে আসক্ত ও বিটিএসের ভক্ত।
সূত্র: প্রথম আলো