গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানার র্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে তোলা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় মামলা করেন।
মামলায় মো. সোহরাব হোসেনকে (৩৬) একমাত্র আসামি করা হয়। গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি পানের দোকান চালাতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আশ্রয় দেওয়ার কথা বলে ওই নারীকে তাঁর দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের অভিযোগ ওঠে সোহরাবের বিরুদ্ধে।
ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিষয়টি জানিয়ে বিচার চান ওই নারী।
সূত্র: প্রথম আলো