রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বাড়ি দখল করতে গিয়ে হামলা ও মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় জড়িত অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক এই দুই ঘটনায় জমির মালিকানা নিয়ে মামলার বাদী ও পুলিশের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। দুই মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, আদাবর থানা-পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে। পরে গতকাল রোববার দিবাগত মধ্যরাতে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে বাড়িতে হামলা মামলার আসামি আবুল কালাম আজাদ, মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই (ছুরি) উদ্ধার করা হয়।আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে জানা যায়, আদাবরের শ্যামলী হাউজিংয়ের বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন মালিকানা–সংক্রান্ত বিরোধ রয়েছে।
সূত্র: প্রথম আলো