রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, বাংলাদেশে এর আগে রাতের আঁধারে কোনো স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেনি। আজ সোমবার দুপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও ইসিবি চত্বরে ভাঙচুরের শিকার সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে রাজনৈতিক দুর্বৃত্তপনা, চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলের ঘটনা ঘটলেও একটি জনকল্যাণমূলক স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর ভাষায়, ‘স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জনস্বাস্থ্যকে আঘাত করা হয়েছে।’এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৪ সাল থেকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র থেকে দরিদ্র মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা ও টিকাদান সেবা পেয়ে আসছেন।
বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলা শুধু একটি স্থাপনার ওপর হামলা নয়, এর সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টিও জড়িত।আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ সফরে ছিলেন, তখন রাজধানীতে এমন একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো