আবুল মনসুর আহমদ ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন জাতিচিন্তক। সমসাময়িক কালে তিনি চিন্তা ও আলোচনার অন্যতম প্রধান ব্যক্তি হয়ে উঠেছেন। পূর্ব বাংলার ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয় নিয়ে তাঁর ভাবনা ও যুক্তি নতুন প্রজন্মের অনুসন্ধানীদের কৌতূহলী করে তুলেছে। ক্রমেই তাঁর প্রতি আগ্রহ বাড়ছে। আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা বইটি চিন্তার নতুন দিগন্ত উন্মোচিত করবে।গতকাল সোমবার বিকেলে বইটির প্রকাশনা অনুষ্ঠানে এ কথাগুলো উঠে আসে।
রাজধানীর দ্য ডেইলি স্টার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা বইটি লিখেছেন রোচনা মজুমদার। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। ঔপনিবেশিক আমল থেকে বাঙালি জাতীয়তাবাদের ধারণার ক্রমবিবর্তন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে দেশভাগ, মুসলমানদের আত্মচেতনা, সাংস্কৃতিক ভাবনা, ভাষা, সাহিত্য ও স্বাতন্ত্র্যবোধ থেকে স্বাধিকারের আকাঙ্ক্ষা—বিবিধ বিষয় উঠে আসে আলোচকদের বক্তব্যে।
ফলে শরতের বিকেলটি হয়ে উঠেছিল বাঙালি মুসলমানদের মধ্যে অন্যতম চিন্তক, লেখক, রাজনীতিক আবুল মনসুর আহমদের ভাবনাকে অনুসরণ করে ইতিহাসের এক স্মৃতিময় পথপরিক্রমা।লেখক রোচনা মজুমদার তাঁর আলোচনার শুরুতেই বইটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে, আলোচক ও শ্রোতাদের ধন্যবাদ জানান।
সূত্র: প্রথম আলো