রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই অস্ত্রধারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইভাবে মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুই ঘটনাতেই হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী বা মূল ব্যক্তিদের এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে।
হামলার পরিকল্পনাকারী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম এসেছে। তাঁর বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার ৪ নম্বর আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের ৩৫ শতাংশ জমি আছে নিউগিনি প্রপার্টিজের পাশে। আশপাশের সব জমি নিউগিনি প্রপার্টিজের।
ফলে ওই জমিতে ঢুকতে, বের হতে নিউগিনি প্রপার্টিজের রাস্তা ব্যবহার করতে হয়।
সূত্র: প্রথম আলো