চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিয়ানমার উপকূলের কাছে থাকা একটি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামীকালও এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।আজ মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি মূলত মিয়ানমার উপকূল হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলে প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে এসব এলাকায় আজ থেকেই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামীকালও এর প্রভাব থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে গতকাল মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল।
সূত্র: প্রথম আলো