বান্দরবানে ফুফুর কক্ষ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।মরদেহ উদ্ধার হওয়া শিশুর নাম তায়িফা সুলতানা (৩)। সে ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। এ ঘটনায় তার ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল সকাল থেকে শিশু তায়িফা নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। ইলিয়াস খানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। পরে পুলিশ ওই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে, নার্গিস সুলাতানা শিশু তায়িফাকে তাঁর কক্ষে নিয়ে যাচ্ছে। এরপর নার্গিস সুলতানার কক্ষ তল্লাশি করে একটি বাক্সে তায়িফার লাশ পাওয়া যায়।
পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন।
সূত্র: প্রথম আলো