অভিনয় জানুন আর না জানুন, স্রেফ একটা চেহারা থাকলেই কেল্লা ফতে। কোনো শুটিং স্পটে যাওয়া লাগবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করা লাগবে না, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনার চেহারা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো চরিত্র করবে অভিনয়। বিনিময়ে আপনার পকেটে চলে আসবে মোটা অঙ্কের অর্থ।
চীনে এখন দেদার চলছে এই বিচিত্র ব্যবসা।হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন আক্ষরিক অর্থেই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই চেহারা দিয়ে তৈরি হচ্ছে এআই অভিনেতা–অভিনেত্রী।
বিজ্ঞাপন, ওটিটি প্ল্যাটফর্মের নাটক থেকে শুরু করে ভিডিও গেম—সবখানেই অভিনয় করছে এসব ভাড়াটে মুখ।একবার কোনো ব্যক্তির চেহারার ডিজিটাল প্রতিরূপ ধারণ করা হলে, এআই প্রযুক্তি দিয়ে তাঁর অবিকল চেহারার নতুন নতুন ভিডিও বা দৃশ্য তৈরি করা সম্ভব।
সূত্র: প্রথম আলো