চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের ছবি মুখের সামনে ধরে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যের প্রতি সম্মান ও সমর্থন জানাতেই এ ব্যতিক্রমী কর্মসূচি বলে জানান শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুখের সামনে ধরা ছিল অধ্যাপক সায়েমের মুখাবয়বের ছবি।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে স্বাধীনতা চত্বর পর্যন্ত গিয়ে আবার পুনরায় একই স্থানে ফিরে আসে। এ সময় তাঁরা ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা, এক দাবি—সায়েম স্যারকে ভিসি চাই’ স্লোগান দেন। মিছিল শেষে তাঁরা শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে তাঁরা অধ্যাপক সায়েমের ছবি সরিয়ে সরিয়ে নিজেদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখান।
এরপর অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।মিছিলের সময় দেখা যায়, সারিবদ্ধভাবে ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো