দলীয় পরিচয় বিবেচনা না করে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী কেউ রয়েছেন কি না, তা খুঁজে বের করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় গত আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার কোনো সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী।
তিনি কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ অবস্থান পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, মাদকদ্রব্য রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সূত্র: প্রথম আলো