ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের নামে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার প্রতিবাদে শামিল দেশের বিভিন্ন রাজ্যের ভোটাররা। তাঁরা এই এসআইআরের নামে ভোটারের নাম বাদ দেওয়ার জন্য দায়ী করেছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে।
কলকাতায়ও জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবিতে জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএমসহ বামফ্রন্ট আন্দোলন করছে।মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) উদ্যোগে কলকাতায় জ্ঞানেশ কুমারকে অবিলম্বে বরখাস্তের দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদ সিদ্দিকি আইএসএফের একমাত্র বিধায়ক, যিনি দক্ষিণ ২৪ পরগনার ভাঙর আসন থেকে জয়ী হয়েছেন এবার।
২০২১ সালের জানুয়ারিতে এই আইএসএফ রাজনৈতিক দলটি গঠন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী।
সূত্র: প্রথম আলো