গতকাল পাসপোর্ট করতে গেলাম আগারগাঁও পাসপোর্ট অফিসে। অনলাইনে ফরম পূরণ করার পর গতকাল বেলা ১১টার স্লটে ছিল আমার ছবি তোলার টাইম।
আমি ১০টার মধ্যে সেজেগুজে, ভালো জামাকাপড় পরে, ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, বউয়ের কোরিয়ান ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন মেখে, চুলে জেল দিয়ে গেলাম ছবি তুলতে৷ মনে মনে ভাবছি, কে বলে পাসপোর্টের ছবি সুন্দর হয় না৷ আজ আমি প্রমাণ করে দেব, পাসপোর্টেও ভালো ছবি আসা সম্ভব।এগারোটায় পাসপোর্ট অফিসে গিয়ে শুনি কিসের ছবি কিসের কী, আগে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। কোথায় করব সেটা?
বউ এক আনসারকে জিজ্ঞেস করল, ‘এনআইডি ভেরিফিকেশন কোথায় করব?’আনসার আনসার দিল, ‘তিনতলায়, ৩০২ নম্বর রুমে।’সেখানে গিয়ে দেখি বিশাল লাইন এঁকেবেঁকে অ্যানাকোন্ডার মতো হয়ে আছে।
সূত্র: প্রথম আলো