দেশে কারাগারের সংখ্যা ৭৫। বন্দী ধারণক্ষমতা ৪৫ হাজার। এখন বন্দী রয়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ। ৭৫ কারা হাসপাতালে অনুমোদিত চিকিৎসক পদ ১৪৮। তবে স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। ২০২১ সাল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ বছর ৯ মাসে ১,২৩৫ জন বন্দীর মৃত্যু হয়েছে।কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে একের পর এক বন্দীর মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মৃত্যু হচ্ছে অনেকের। অনেক ক্ষেত্রেই বন্দীর বয়স বেশি নয়।
অর্থাৎ অকালমৃত্যু হচ্ছে। কারা অধিদপ্তর ও ঢাকার বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ বছর ৯ মাসে ১২৩৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্তত ৩০০ জন বন্দী। হাসপাতালে নেওয়ার পথে বন্দীর মৃত্যুর সর্বশেষ ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে। মৃত বন্দীর নাম আবু তাহের (৩৪)।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আবু তাহেরকে কিশোরগঞ্জ জেলা কারাগার-২ থেকে অসুস্থ অবস্থায় গতকাল রাত সোয়া ৯টার দিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হয়।
সূত্র: প্রথম আলো