প্রতিটি রাষ্ট্র ও তার নাগরিকের মধ্যে একটি অলিখিত সামাজিক চুক্তি থাকে। নাগরিক আইন মেনে চলবেন; রাষ্ট্র তাঁকে নিরাপত্তা দেবে এবং অপরাধের শিকার হলে প্রতিকারের পথ খুলে দেবে। আজকের বাংলাদেশে অনেক মানুষের কাছে সেই চুক্তি ক্রমে অর্থহীন হয়ে উঠছে। অপরাধ ও হয়রানির শিকার হয়েও তাঁরা প্রতিকার পাচ্ছেন না; কখনো মনে হচ্ছে রাষ্ট্র দায়িত্ব পালনে অক্ষম, কখনো মনে হচ্ছে অনাগ্রহী।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভুক্তভোগীকে বলতে হচ্ছে, বাংলাদেশে এসবই এখন ‘নরমাল’।সম্প্রতি ঢাকার মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে রাতের অন্ধকারে কয়েক শ লোক হামলা চালাল। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে ওষুধ, টিকা ও যন্ত্রপাতি নিয়ে গেল। এরপর ভারী যন্ত্র এনে ভবন ভেঙে ফেলল। পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছেছিল।
তবু লুটপাট ও ভাঙচুর থামেনি।কয়েক দিনের ব্যবধানে ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওসহ একটি আবাসন প্রকল্পে হামলা হলো।
সূত্র: প্রথম আলো