পাবনায় পাগলা শিয়ালের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ১১
পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে পৌরসভার শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে শিয়ালটি একের পর এক বাড়িতে ঢুকে মানুষকে কামড়ায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, বিকেল ৪টার দিকে শালঘর মহল্লায় একটি বাড়ির পাশে বাঁধা ছাগলকে আক্রমণের মধ্য দিয়ে শিয়ালটির তাণ্ডব শুরু হয়। পরে সেটি আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে নারী ও শিশুসহ কয়েকজনকে কামড়ে আহত করে। এরপর সাতবিলা এলাকাতেও কয়েকজন শিয়ালের হামলার শিকার হন।
আহতরা হলেন—শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪)। এছাড়া গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (৩), লাকি (৩০), বায়েজিদ (৬), রেহেনা (৪২) ও সামশুর (২২) শিয়ালের কামড়ে আহত হন।
পরে স্থানীয়রা ধাওয়া করে একটি ঝোপের মধ্যে শিয়ালটিকে আটকে ফেলেন। প্রায় দেড় ঘণ্টা লোকালয়ে ঘোরাঘুরির পর সেখান থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে মারা হয়।
আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ বলেন, শিয়ালের কামড়ে আহত ১১ জনকেই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনও দেওয়া হয়েছে।