উবারে ৯০০ টাকায় গাড়ি ভাড়া করে দুই বন্ধু মাহমুদুল হাসান ও হৃদয় মল্লিক সকাল সাতটায় মিরপুর-১১ নম্বর থেকে রওনা দিয়েছিল। গন্তব্য সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম। জিপিএ-৫ সংবর্ধনায় অংশ নিতেই তাদের এই যাত্রা।সকাল ১০টার দিকে ফ্যান্টাসি কিংডমের প্রবেশপথের পাশে তৈরি করা বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট, কুপনসহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল তারা।
তখনই কথা হলো তাদের সঙ্গে।এবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই দুই বন্ধু এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের পাশেই ছিল ৯ বন্ধুর আরেক দল। বুথের সামনে তারা সবাই মিলে সেলফি তুলছিল। তাদের মধ্যে নাইমুল ইসলাম ও ইবনে মুবাশ্বির জানাল, উত্তরা থেকে এসেছে বাসে করে। এত দিন সবাই নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ পড়লেও এসএসসি পাস করার পর কলেজ আলাদা হয়ে গেছে।
জিপিএ-৫ সংবর্ধনা উপলক্ষে আবার সবাই একত্র হওয়ায় আনন্দের মাত্রা তাদের বেড়েছে অনেক।আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম আজ বুধবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে উঠেছিল নাইমুল, হৃদয় মল্লিকদের মতো হাজার হাজার কৃতী শিক্ষার্থীর সমাগমে।
সূত্র: প্রথম আলো