ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘোষণা করা হয়েছে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি। আজ বুধবার রাজধানী নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে ‘গণতন্ত্র বাঁচাও অভিযান’। চলবে ৮ তারিখ পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৬ অক্টোবর বিজেপি ছাড়া অন্যান্য সব দলের সংসদ সদস্যরা মিছিল করে নির্বাচন সদনে যাবেন। গণতন্ত্র রক্ষা করতে আগামী ১ নভেম্বর দিল্লিতে তাঁরা বিশাল সমাবেশ করবেন। খাড়গে আরও জানান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন।
তাঁকে তাঁরা জানাবেন, কীভাবে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দখল করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো