ক্যানসারে হারান স্ত্রীকে। ২৫ বছরের জীবনসঙ্গীকে হারানোর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নামেন ৬৯ বছর বয়সী মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং প্রবীণদের অনুপ্রাণিত করতে তিনি পুরো পৃথিবী একবার চক্কর দেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন কানাডিয়ান এই সাইক্লিস্ট।
এই সুবাদে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব এখন তাঁর।আগের এ রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেটের।মার্কের এই অভিযানের উদ্দেশ্য শুধু রেকর্ড গড়া ছিল না, তিনি ক্যানসার গবেষণার জন্য তহবিলও সংগ্রহ করেছেন।
কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য তিনি প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করতে পেরেছেন।স্ত্রী জ্যাকি সম্পর্কে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মার্ক বলেন, ‘জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।’ ২০২১ সালে ৫৫ বছর বয়সে জ্যাকি মারা যান।
সূত্র: প্রথম আলো