ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডে লাগানো বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ কেটে স্থানীয় লোকজনের সবজি চাষের যে চিত্র সম্প্রতি উঠে এসেছে, তা নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী ও চালকদের ছায়াময় পরিবেশ নিশ্চিত করা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে এই মহাসড়কের ২৬৫ কিলোমিটার এলাকায় ৫০ হাজারের বেশি দেশি প্রজাতির ফুলের গাছ রোপণ করেছিল সড়ক বিভাগ।
কিন্তু মিরসরাই, সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানের সড়ক বিভাজনে বকুল, জারুল, সোনালু, রাধাচূড়ার মতো শত শত বৃক্ষ কেটে বেআইনিভাবে সেখানে লালশাক, মুলাশাক, বেগুন ও বিভিন্ন লতাজাতীয় সবজির আবাদ করা হচ্ছে। প্রতিবেদনে উঠে এসেছে, অনেকেই পারিবারিক চাহিদা মেটাতে, এমনকি বাণিজ্যিকভাবে এসব সবজি চাষ করছেন।
কিন্তু মহাসড়কের আইল্যান্ডে এভাবে বেআইনি চাষাবাদ কেবল যে প্রাকৃতিক সৌন্দর্যই নষ্ট করছে না, বরং তা চলাচলের ক্ষেত্রে গুরুতর নিরাপত্তাহীনতা তৈরি করছে।
সূত্র: প্রথম আলো