কাউনিয়ায় এক কেজি গাঁজাসহ রাজারহাটের আশরাফুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. আশরাফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো পাওয়ার টিলারচালিত ট্রলি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন কাউনিয়া-তপিকল বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পশ্চিম দেবত্তর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায়, একটি পাওয়ার টিলারচালিত ট্রলিতে করে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে গাঁজা পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে ট্রলিটিকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ট্রলিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে থাকা বক্স থেকে হলুদ প্লাস্টিকে মোড়ানো ও স্কচটেপ দিয়ে পেঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে এক কেজি গাঁজা পাওয়া যায় বলে দাবি পুলিশের। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পুরোনো পাওয়ার টিলারচালিত ট্রলি এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কাউনিয়া থানার এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা করেছেন। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ১০।