‘নদী-নালা, খাল-বিল, এই নিয়ে চলনবিল’—লোকমুখে প্রচলিত এই বাক্য বলে দেয় চলনবিল অঞ্চলের মানুষের জীবনে বিল আর মাছের স্থান ঠিক কোথায়। এখানকার মাছ নিয়মিত বিক্রি হয় চাটমোহরের ঐতিহ্যবাহী বাজারগুলোতে। সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে আসেন শহরের বড় বাজারগুলোতে।ভোরের আলো ফুটতেই বিলের আশপাশের গ্রামগুলোতে শুরু হয় এক অন্য রকম কর্মযজ্ঞ।
শহরের মানুষ যান্ত্রিক জীবনের ফাঁকে যে খাঁটি দেশি মাছের আসল স্বাদ হাতড়ে বেড়ান, তার চিত্রপট প্রতিদিন ভোরে রচিত হয় এই বিলের পাড়ে। চলনবিল প্রায় ৪৭টি ছোট-বড় বিলের এক বিশাল অববাহিকা ও অনন্য মিঠাপানির জলাভূমি।
পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলাজুড়ে বিস্তৃত এই বিলের তলদেশ পলি জমে এবং অপরিকল্পিত অবকাঠামোয় সংকুচিত হলেও এটি দেশীয় মাছের অন্যতম বড় প্রজনন ক্ষেত্র।জেলের খলসিনা আর দধি জালে আটকা পড়া জ্যান্ত পুঁটি মাছের লাফালাফি দেখলে যেকোনো ভোজনরসিকের চোখ জুড়িয়ে যাবে।
সূত্র: প্রথম আলো