দুপুরের খাবারের সময়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার দুটি ক্যানটিনে তখন রোগীর স্বজন, নার্স ও কর্মীদের ভিড়। কেউ খাবার নিয়ে বসেছেন, কেউ অপেক্ষা করছেন পরিবেশনের জন্য। তবে ক্যানটিনের রান্নাঘরের চিত্র ছিল ভিন্ন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার। রুটি তৈরির খামিরে পাওয়া গেছে তেলাপোকা।
আজ বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব অনিয়মের চিত্র উঠে আসে। এ সময় হাসপাতালের দুটি ক্যানটিনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানে দেখা যায়, চমেক ক্যাফে রেস্তোরাঁয় ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি রাখা হয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যানটিনেও খাবার তৈরি, রান্না ও পরিবেশনের জায়গায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়।
ওই ক্যানটিনে রুটি তৈরির খামিরে তেলাপোকা পাওয়া যায়।চমেক হাসপাতাল এলাকায় ক্যানটিনগুলোতে হাসপাতালের কর্মী ও নার্সদের পাশাপাশি ভর্তি রোগীদের স্বজনেরাও নিয়মিত খাবার খান।
সূত্র: প্রথম আলো