কুড়িগ্রামে ডিবির অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি : ১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোবা এলাকায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সারডোবা এলাকায় আরিফুল ইসলামের নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে ৯৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।