জমি দখলের অভিযোগে ৬০০ কলাগাছ কাটার অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের উদ্দেশ্যে প্রায় ৬০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে শাহ জামাল ও হায়দার আলীসহ কয়েকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সফিয়ার রহমান রৌমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে শাহ জামাল ও হায়দার আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে সফিয়ার রহমানের বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শাহ জামালসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করেন বলে অভিযোগ করেন সফিয়ার রহমান।
পরে তারা ৩০ শতাংশ জমিতে লাগানো প্রায় ৬০০টি মালভোগ ও সাগর কলাগাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলেন। এরপর পাওয়ার টিলার দিয়ে ওই জমি চাষ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
সফিয়ার রহমানের দাবি, কলাগাছ কেটে ফেলা ও জমি চাষ করায় তার প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ভবিষ্যতে ওই জমিতে কাউকে পাওয়া গেলে হত্যা করে লাশ পুঁতে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে হায়দার আলী বলেন, “ওই জমিতে আমরাও কলাগাছ লাগিয়েছিলাম। কলাগাছগুলো খারাপ হয়ে যাওয়ায় কেটে সেখানে পাটের বীজ রোপণ করেছি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।